ফুলবাড়ীতে মাদ্রাসার কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে তখন মাতম চলছিল। পরিবারের কেউ জানেই না, ওদিকে মামলা হয়ে গেছে। দিনাজপুরের ফুলবাড়ীর দৌলতপুর ইউনিয়নের খয়েরবাড়ী মাদ্রাসার অফিস সহকারী লিয়াকত আলী খুনের ঘটনায় গত ১৭ ডিসেম্বর ওই মামলা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজ মণ্ডল। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে বাঁচাতে তিনি নিহত লিয়াকত আলীর চাচা সেজে ওই মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এর আগে ১৬ ডিসেম্বর উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়াপাড়ার বাসিন্দা লিয়াকত আলী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। ১৭ ডিসেম্ব তিনি মারা যান।
লিয়াকতের স্ত্রী তাইফুন বেগম অভিযোগ করে বলেন, হড়হড়িয়াপাড়ার বাসিন্দা ও দৌলতপুর ইউপির চেয়ারম্যান মো. আজিজ মণ্ডলের সঙ্গে লিয়াকত আলীর পরিবারের দূরতম আত্মীয়তার সম্পর্কও নেই। বরং আজিজ তাঁর স্বামীর হত্যাকারী কয়েকজনের আত্মীয়। হত্যাকারীদের বাঁচাতে লিয়াকতের পরিবারের অজান্তে আজিজ তাঁর চাচা পরিচয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন।
তাইফুন বেগম এ বিষয়ে ২৬ ডিসেম্বর দিনাজপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। পরদিন তিনি দিনাজপুর আমলি আদালত-৫-এ মামলা করেন। বিচারক ১ জানুয়ারি মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন। তাইফুনের অভিযোগ, এরপর চেয়ারম্যান আজিজ ও হত্যাকারীরা প্রতিনিয়ত তাঁকে হুমকি দিচ্ছেন।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে লিয়াকত আলী, তাঁর বাবা মছির উদ্দিন ও ভাই মহসিন আলীকে ১৬ ডিসেম্বর সকালে নিজ বাড়ির পাশের আমবাগানে কুপিয়ে গুরুতর আহত করেন একই গ্রামের আফতাব উদ্দিন, তাঁর স্ত্রী নাজমা বেগম, ছেলে রুবেল, সুজন আলী ও নাজিরুল ইসলাম, নাজিরুলের স্ত্রী শিউলী বেগম এবং লুৎফর রহমান ও তাঁর স্ত্রী ছমিরন বেগম, ছেলে রওশন আলী, খালেক আলীসহ ১৫-২০ জন। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর লিয়াকত মারা যান।
তাইফুন বলেন, পরিবারের লোকজন শোক আর লাশ দাফন নিয়ে ব্যস্ত ছিল। এই সুযোগে চেয়ারম্যান আজিজ ১৭ ডিসেম্বর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ১ নম্বর সাক্ষী করেছেন লুৎফর রহমানকে, যিনি লিয়াকতের হত্যাকারীদের একজন। মামলাটি নথিভুক্ত করার সময় পুলিশও পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।
চেয়ারম্যান আজিজের মামলায় আরও সাক্ষী করা হয় নিহত লিয়াকতের শ্বশুর ময়নুল ইসলাম, তাঁর দুই ছেলে আবদুল লতিফ ও ফয়জুল ইসলামকে। এ ব্যাপারে ময়নুল ইসলাম প্রথম আলোকে বললেন, মামলার বিষয়ে তাঁরা কিছু জানেনই না। হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাঁর দুই ছেলেও অন্যত্র লেখাপড়া করে। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান সরকার বলেন, থানার ওসি মকছেদ আলী মামলাটি নিয়েছিলেন। তিনিই মামলার বিষয়ে ভালো বলতে পারবেন। বর্তমানে ওসি ছুটিতে আছেন।
পরিবারটির অভিযোগ, ইউপি চেয়ারম্যান আজিজ মোটা টাকার বিনিময়ে হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছেন। এ লক্ষ্যেই তিনি বাদী হয়ে মামলা করেছেন। কারণ, বাদী হলে মামলার তদন্ত থেকে শুরু করে সবখানে প্রভাব বিস্তার করা যাবে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজিজ মণ্ডল ২৬ ডিসেম্বর মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, লিয়াকত তাঁর ভাতিজা বলেই তিনি মামলা করেছেন। মামলার বিষয়ে লিয়াকতের পরিবারের সঙ্গে পরামর্শ করেছেন কি না, জানতে চাইলে তিনি নিরুত্তর থাকেন। আসামিদের সঙ্গে তাঁর কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমি সবারই লোক।’
এ ছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা এবং লিয়াকতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে আজিজ মণ্ডল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।