ফুলবাড়ীর সোনালী ব্যাংকে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন
কুড়িগ্রামের ফুলবাড়ী সোনালী ব্যাংক কর্মকর্তার সহায়তায় চেক জালিয়াতি করে প্রায় ছয় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি করে একজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোসনা রাণীর কনজ্যুমার্স ঋণের ১ লাখ ৬০ হাজার, নুরজাহান বেগমের জমানো ২ লাখ ৫০ হাজার ও মধ্য অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা খাতুনের কনজ্যুমার্স ঋণের জমানো ১ লাখ ৮০ হাজার টাকা ফুলবাড়ী সোনালী ব্যাংকের নিজ নিজ সঞ্চয়ী হিসাব নম্বরে জমা ছিল। গত রোববার তাঁরা ব্যাংকে টাকা তুলতে গিয়ে জানতে পারেন, তাঁদের হিসাব নম্বরে কোনো টাকা নেই। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি ব্যবস্থাপককে জানালে তিনি তদন্ত শুরু করলে চেক জালিয়াতির ঘটনা ফাঁস হয়। শিক্ষকেরা পরে খোঁজ নিয়ে জানতে পারেন টাকাগুলো কৌশলে উপজেলার মধ্য অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম তুলে নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকদের কনজ্যুমার্স (ভোগ্যপণ্য) ঋণ প্রদান ও নবায়নের জন্য মধ্যস্থতার কাজ করে আসছিলেন। তিনি ব্যাংকের এক শ্রেণির কর্মকর্তার যোগসাজশে এ ব্যবসা চালাচ্ছিলেন।
শিক্ষক রশিদুল ইসলাম ব্যাংক কর্মকর্তার যোগসাজশে পুরোনো চেকের রিকগনাইজড কপি জমা না দিয়েই তিন শিক্ষিকার স্বাক্ষর জাল করে প্রত্যেকের পক্ষে নতুন চেক বই নেন। তিনি সেই চেক দিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক রশিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
সোনালী ব্যাংকের ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ব্যাংকের কর্মকর্তা গোলাপ উদ্দিনকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।