ফুলবাড়ীয়ায় কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মেরেছেন ও ব্যালট ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি কেন্দ্র আওয়ামী লীগের প্রার্থীর প্রতীকে সিল দেওয়ায় সহযোগিতা করার অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, প্রার্থীর এজেন্ট ও কর্মীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
গতকাল শনিবার ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ও ময়মনসিংহ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন হয়। দুই উপজেলার ১২টি কেন্দ্র সরেজমিনে ও বেশ কিছু কেন্দ্রের ভোটের খোঁজ নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের বিষয়ে জানা যায়।
বেলা দেড়টায় ফুলবাড়ীয়ার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী বুলবুল হোসেন তাঁর কর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন। ভেতরে তাঁর কর্মীরা কক্ষ দখল করে বসে আছেন। তাঁরা ব্যালটে সিলও মারছেন। সাংবাদিক পরিচয় পেয়ে তাঁদের অনেকেই কক্ষ থেকে বের হয়ে যান। পাশের অপর একটি কক্ষে গিয়েও একই রকম চিত্র চোখে পড়ে। ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. শহীদুল্লাহর হাতে থাকা চেয়ারম্যান পদের একটি ব্যালট বইয়ে দেখা যায় ২৮টি ব্যালটে নৌকা প্রতীকে সিল দেওয়া।
মো. শহীদুল্লাহ বলেন, জোর করে কয়েক তরুণ নৌকা প্রতীকে সিল মেরে চলে গেছেন। অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শহীদুল্লাহ প্রকাশ্যে সিল মারার বিষয়টি জানার পরও কোনো পদক্ষেপ নেননি। তবে তাঁরা দুজনেই এই অভিযোগ অস্বীকার করেন। মিজানুর রহমান বলেন, বিষয়টি আগে ধরা পড়েনি। এখন আমরা পুলিশকে জানাব। ওই কেন্দ্রে বিএনপির কোনো কর্মী পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, ভোট গ্রহণের শুরু থেকে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও বিএনপির প্রার্থী আবদুল হান্নানের পক্ষে কেউ অভিযোগ করেনি। আবদুল হান্নানের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
সকাল সাড়ে আটটার দিকে দেওখলা ইউনিয়নের দেওখলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম ওরফে বাবুলের কর্মীরা কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালটে সিল মারেন। একসময় তাঁরা চেয়ারম্যান পদের একটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের কর্মীরা প্রতিবাদ করলে প্রায় দেড় ঘণ্টা ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে।
বেলা তিনটার দিকে ফুলবাড়ীয়ার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার অভিযোগে কেন্দ্রের দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, তিনজন পোলিং কর্মকর্তা, আবদুস সালামের এজেন্ট ও সমর্থকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে দেখা যায় আওয়ামী লীগের প্রার্থী শাহ জাহান সরকারের কর্মীরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন। ওই কেন্দ্রে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিনের কোনো কর্মীকে দেখা যায়নি। এ ছাড়া ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া, অষ্ঠধার, বোররচর, পরানগঞ্জ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।