ফেনসিডিল ও প্রাইভেট কারসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দেড় হাজারেরও বেশি বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার ও নয়টি মোবাইল ফোন সেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এঁরা হলেন মো. সুমন (২৬), ফয়সল খান (৩০), নূরুজ্জামান (৩১) ও সাইফুল ইসলাম (৫০)। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে র‍্যাব-২ এর একটি দল এঁদের গ্রেপ্তার করে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, মোহাম্মদপুরের ১০/১১ আমিস একাডেমি ইংলিশ স্কুলের সামনের সড়কে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি চলছিল। ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করেন র‍্যাব সদস্যরা। সেখান থেকে চারজনকে নয়টি মোবাইল সেটসহ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির আসনের নিচ থেকে এক হাজার ৮৬৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ হওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। ইয়াসির আরাফাত জানান, আটক চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফেনসিডিলের চালানটি দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ঢাকায় আনা হয়।
গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে আজ শুক্রবার মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।