ফেনসিডিল পাচারের দায়ে দুজনের যাবজ্জীবন
ফেনসিডিল পাচারের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা এ রায় দেন। আসামিদের মধ্যে একজন পলাতক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইফতেখারউদ্দিন ও মো. রফিক।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে মো. রফিক পলাতক রয়েছেন।
২০১০ সালের ১৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। একই বছরের ২৫ জুলাই জেলার হাটহাজারী থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এর ২০ দিন আগে ৫ জুলাই ফতেয়াবদ ছড়ারকুল এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়কে পুলিশের ধাওয়া খেয়ে ফেনসিডিলবাহী একটি প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে পুলিশ ৫১৬ বোতল ফেনসিডিলসহ ইফতেখারকে আটক করে। পালিয়ে যান গাড়িচালক রফিক।
এ ঘটনায় হাটহাজারী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।