ফেনসিডিল রাখার দায়ে দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ফেনসিডিল রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
এই দুজন হলেন কুতুব উদ্দিন ও ইকবাল হোসেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন ইকবাল। আর কুতুব পলাতক আছেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২২ মার্চ নগরের ব্যাটারি গলি এলাকা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ কুতুব উদ্দিন ও ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।