ফেনসিডিলসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে বাড়িতে ফেনসিডিল রাখায় আজিজুর রহমান (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন গ্রেপ্তার আজিজুরের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, শুক্রবার ভোরে তাঁদের একটি দল ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামের আজিজুর রহমান ওরফে লুৎফরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ঘর থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছেন।