ফেনসিডিলসহ আটক, হাতকড়াসহ পলায়ন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহর থেকে গতকাল রোববার সকালে হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে ফেনসিডিলসহ আটক করে র্যা ব। তিনি হাতকড়া পরানো অবস্থায় পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। র্যা ব বিষয়টি স্বীকার করেনি। তাঁকে ধরতে র্যা ব-পুলিশ দিনভর ব্যর্থ অভিযান চালিয়েছে।
কুষ্টিয়া র্যা ব ক্যাম্প ও মডেল থানা সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকায় হাবিবুরের বাড়িতে র্যা বের একটি দল অভিযান চালায়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় র্যা ব হাবিবুরের স্ত্রী রেহেনা খাতুন ও সহযোগী ফেরদাউসকে আটক করে।
স্থানীয় একটি সূত্র বলছে, অভিযানের সময় র্যা ব হাবিবুরকেও পাকড়াও করে হাতকড়া পরায়। কিন্তু তিনি র্যা বের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া লাগানো অবস্থায় পালিয়ে যান। ঘটনার পর র্যা বের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে হাবিবুরকে আটক করতে দিনভর র্যা ব-পুলিশের অভিযান চলে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁকে আটক করতে পারেনি তারা।
র্যা ব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মো. রবিউল ইসলাম বলেন, হাবিবুর অভিযানের সময় ঘরের অন্য দরজা দিয়ে পালিয়ে যান। হাতকড়াসহ পালানোর বিষয়টি সঠিক নয়। তাঁর স্ত্রী রেহেনা ও সহযোগী ফেরদাউসকে র্যা ব ক্যাম্পে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘হাবিবুরকে ধরতে পুলিশ-র্যা বের যৌথ অভিযান চলছে।’