ফেনসিডিলসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোবাসে করে ফেনসিডিল পাচারের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর চা-বাগান এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক রুবেল মিয়া (২৫) ও তাঁর সহকারী ইমন মিয়া (২০)। আটক ব্যক্তিরা গতকাল ভোরে ফুলতলা বাজার থেকে মাইক্রোবাসে করে ৪০০-৫০০ বোতল ফেনসিডিল নিয়ে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার উদ্দেশে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জুড়ী ক্যাম্পের টহল দল সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর চা-বাগান এলাকায় গাড়িটি থামান। এ সময় গাড়ির ভেতরে ছয় বোতল ফেনসিডিল পাওয়া যায়। বিজিবির ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্পের নায়েক জিতেন্দ্র চন্দ্র ঘোষ জানান, গাড়িটি থামানোর আগে টের পেয়ে আটক ব্যক্তিরা গাড়ি থেকে ফেনসিডিলের অবশিষ্ট বোতলগুলো জঙ্গলে ফেলে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।