ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক
রাজশাহীর চারঘাটে পাঁচ শ ৩০ বোতল ফেনসিডিলসহ জেনারুল শেখ (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার উপজেলার মোক্তারপুরে পদ্মার চর থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, জেনারুল শেখের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর এলাকার খয়েরতলায়। গোপন তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মোক্তারপুর পদ্মার চরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ জেনারুলকে আটক করে। আটকের পর তাঁকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জেনারুল ভারতীয় মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য বলে বিজিবি সূত্র জানায়।
তবে জেনারুল শেখ সাংবাদিকদের বলেন, তিনি ফেনসিডিল বহনকারী হিসেবে কাজ করেন। ফেনসিডিলগুলো ভারত থেকে বাংলাদেশের সীমানায় পৌঁছে দিতে এসেছিলেন। বিনিময়ে তিনি আট হাজার টাকা পারিশ্রমিক পেতেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।