ফেনসিডিলসহ যুবলীগ ও শ্রমিক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুবলীগ ও শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তুলসীডাঙ্গা এলাকা থেকে গত সোমবার রাত ১১টার দিকে জাতীয় সংসদের স্টিকার ও লোগো সংযুক্ত একটি প্রাইভেট কার থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ আমজাদ আলী ও কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনুর রহমান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন জানান, আমজাদ ও মজনুর জাতীয় সংসদের স্টিকার লাগানো রুপালি রঙের একটি প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে গোপনে খবর পায় পুলিশ। পরে তুলসীডাঙ্গা এলাকায় ওই প্রাইভেট কার থেকে ১৪০ বোতল ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আমজাদ ওই প্রাইভেট কারের মালিক।
গতকাল দুপুরে থানা হেফাজতে আমজাদ দাবি করেন, তাঁরা ফেনসিডিল ব্যবসায়ী নন। তাঁরা মাঝেমধ্যে ফেনসিডিল পান করেন। এর কিছুক্ষণ পরই তিনি বলেন, তাঁদের গাড়িতে জাতীয় সংসদের কোনো স্টিকার ছিল না। আর এই ফেনসিডিলও তাঁদের নয়।