ফেনসিডিলসহ 'চিকিৎসক' ও 'ছাত্রলীগ নেতা' আটক
কুষ্টিয়ার দৌলতপুর থেকে ফেনসিডিল বহনের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। র্যাবের ভাষ্য অনুযায়ী, গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
র্যাব বলেছে, আটক ব্যক্তিদের নাম আহনাফ করিম আসিব, শরিফ মো. লোকমান ও মো. মোন্নাফ। তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও গাড়িটি থেকে ‘উদ্ধার করা’ ৭৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
র্যাব বলেছে, আহনাফ করিম আসিব নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার এবং শরিফ মো. লোকমান নিজেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (জুনিয়র) হিসাবে পরিচয় দেন। তাঁরা ফেনসিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানায় র্যাব।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প ও দৌলতপুর থানা সূত্রে জানা যায়, র্যাবের সদস্যরা হোনেসাবাদ বাজারে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালান। এ সময় একটি প্রাইভেট কারের ভেতর থেকে ৭৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেনসিডিলসহ আটক তিনজনকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। মাদকদ্রব্য আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।