ফেনী থেকে অপহৃত ছাত্রী ঢাকায় উদ্ধার
ফেনীর দাগনভূঞা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ অক্টোবর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে গত সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়। এ সময় সাগর চৌধুরী ওরফে মোহন (২৬) ও তাঁর সহযোগী মো. মকসুদকে (২০) গ্রেপ্তার করা হয়। সাগরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ও মকসুদের বাড়ি সোনাইমুড়ি উপজেলার ঘোষকান্তা গ্রামে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ফেনী সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।