ফেনী থেকে অপহৃত ফটিকছড়ি থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রাম থেকে অপহৃত শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছিকনছড়া মাস্টারপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির খালু শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার বেলা একটার দিকে দুই মাস বয়সী শিশু তাসরিফা জামালকে অপহরণ করা হয়।
শিশুর মা মর্জিনা আক্তার অভিযোগ করেন, অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, মর্জিনা আক্তারের অভিযোগ পেয়ে র‌্যাব শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। ১৯ ঘণ্টা পর চট্টগ্রামের ভুজপুর থানার ছিকনছরা মাস্টারপাড়ার ওদুদ সওদাগর বাড়ি থেকে শিশুকে উদ্ধার এবং শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তার শরিফুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।