ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ জুন রাতে দুর্বৃত্তরা খাইয়ারা বাজার এলাকায় চালককে মারধর করে প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় প্রাইভেট কারের চালক নূর মোহাম্মদ ফেনী সদর মডেল থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া প্রাইভেট কারটি গত ২৮ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর উপজেলার বোগদাদিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামসহ চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা নগরের এ কে খান রোড থেকে ছাদেক মাহমুদ (৩০) ও সাইফুল ইসলাম (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার দুজন ও উদ্ধার হওয়া গাড়িটি ফেনী থানায় আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।