ফেনী শহরে দিঘিতে লাশ
ফেনী শহরের কেন্দ্রস্থল ফেনী সদর মডেল থানার সামনের রাজাঝির দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরনে একটি পাজামা। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে ছোট দাড়ি আছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজাঝির দিঘির উত্তর-পূর্ব কোণে শিশুপার্কের পাশে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফেনী শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, ওই ব্যক্তিকে আশপাশের কোথাও হত্যার পর লাশটি দিঘিতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ফেনী সদর মডেল থানায় একটি মামলা হবে।