ফেনী হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতাল থেকে আজ সোমবার দুপুরে মেহেদী হাসান নামের আট মাসের একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। 

শিশুটির মা মোহছেনা বেগম সাংবাদিকদের বলেন, তাঁরা ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামে থাকেন। গতকাল রোববার রাতে তাঁর সন্তান মেহেদী অসুস্থ হয়। মেহেদীকে নিয়ে আজ সকালে তিনি ফেনী সদর হাসপাতালে যান। হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ান তিনি। এ সময় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে হাসপাতালের একটি টয়লেটে যান। যাওয়ার আগে কাউন্টারে দাঁড়ানো দুই নারীর কাছে মেহেদীকে রেখে যান। টয়লেট থেকে বেরিয়ে দেখেন মেহেদী ও ওই দুই নারী নেই। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে ফেনী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারোয়ার জাহান বলেন, শিশু চুরির বিষয়টি শোনার পরই তিনি তা পুলিশকে জানিয়েছেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মেরশেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।