ফেনীতে অটোরিকশায় আগুন, ট্রাক-কাভার্ড ভ্যানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে ফেনীতে চারটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ এবং দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে হরতাল-সমর্থকেরা শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে চারটি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। এ ছাড়া শহরের তাকিয়া রোডে দুটি ট্রাক এবং সোনাগাজীর বক্তারমুন্সি কলেজের পাশে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়।

অটোরিকশায় আগুন ও ট্রাকে ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, সোনাগাজীর বক্তারমুন্সি কলেজের পাশে কাভার্ড ভ্যানের কাচ ভাঙচুরের ব্যাপারে তিনি অবগত নন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল অব্যাহত রয়েছে বলে তিনি জানান।