ফেনীতে অপহরণের সাত দিন পর ওমর ফারুক (১৬) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ১০ হাজার ডলারসহ নুর নবী (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার রাতে ফেনী সদর উপজেলার লালপুল এলাকা থেকে ওমর ফারুককে উদ্ধার করা হয়। সে ফেনীর শাহীন একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল সোমবার র্যাব-৭-এর ফেনী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ফেনীর মহিপাল এলাকার ফল ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে ওমর ফারুক ৫ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা তাকে মাইক্রোবাসে তুলে চট্টগ্রামে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা ফারুকের বাবার কাছে এক লাখ ডলার মুক্তিপণ দাবি করে। তাদের মুক্তিপণের অর্থ ভারতের ত্রিপুরায় দিতে বলে। ফারুকের বাবা বিষয়টি র্যাবকে জানান। পরে অপহরণবারীদের সঙ্গে কয়েক দফা মুঠোফোনে আলোচনার পর ফারুকের বাবা ১০ হাজার ডলার ফেনীতে দিতে রাজি হন। গত রোববার রাতে ওই ডলার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাঠানবাড়ী রাস্তার মাথা এলাকায় হস্তান্তরের সিদ্ধান্ত হয়। এ তথ্য র্যাবকে জানানো হয়। এ অনুযায়ী র্যাবের সদস্যরা সেখানে অবস্থান নেন। মুক্তিপণ নিতে এলে অপহরণকারী মো. নুর নবীকে র্যাব গ্রেপ্তার করে। পরে অপহরণকারী দলের অন্য সদস্যরা ফারুককে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় রেখে পালিয়ে যায়। পরে র্যাব তাকে সেখান থেকে উদ্ধার করে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান, এ ঘটনায় ফারুকের বাবা ফেনী মডেল থানায় মামলা করেছেন। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।