ফেনীতে অপহৃত ব্যক্তি সাত দিনেও উদ্ধার হয়নি
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের বাড়ি থেকে অপহৃত আবু ইউছুপকে (৪৪) সাত দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
গত ২৮ জুলাই রাতে আবু ইউছুপ নামের ওই ব্যক্তিকে সাত-আটজন সন্ত্রাসী নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ঘর থেকে জোর করে তুলে নিয়ে যায়। অপহরণের পর তিন দিন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরনা দিয়ে এবং নানা স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর তাঁর বাবা জালাল আহাম্মদ বাদী হয়ে ৩১ জুলাই রাতে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন।
জালাল আহাম্মদ এজাহারে অভিযোগ করেন, তাঁর ছেলে লেমুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসম্পাদক ছিলেন। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। ২৮ জুলাই রাত দুইটার দিকে সাত-আটজন লোক নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দাবি করে আবু ইউছুপকে ঘুম থেকে ডেকে তুলে টানাহেঁচড়া করে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, তাঁর ছেলের সঙ্গে সোনাগাজীর পূর্ব সুলতানপুর গ্রামের জনৈক মাসুমের ব্যবসায়িক বিরোধ ও লেনদেন ছিল। ঘটনার দুই-তিন দিন আগে মাসুম তাঁর ছেলেকে নানা হুমকি-ধমকি দিয়েছিলেন। ওই রাতে দুর্বৃত্তদের সঙ্গে মাসুমও ছিলেন। তাঁর ছেলেকে দ্রুত উদ্ধার করা না গেলে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।