ফেনীতে অবৈধ গ্যাসলাইন স্থাপন, থানায় অভিযোগ
ফেনীতে একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে শহরের পশ্চিম রামপুর থেকে পূর্ব বিজয়সিংহ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অবৈধ গ্যাসলাইন স্থাপন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাখরাবাদ গ্যাস সিস্টেম কর্তৃপক্ষ ওই গ্যাসলাইন বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, কিছুদিন থেকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে গ্যাসলাইনটি স্থাপনের কাজ শুরু করে। ইতিমধ্যে ওই পাইপলাইন ফেনী পৌরসভার পূর্ব বিজয়সিংহ গ্রামের অধিবাসী ও সাবেক পৌর কমিশনার মকবুল আহম্মদের বাড়ি পর্যন্ত পোঁছে গেছে। প্রায় ৬ হাজার ফুট গ্যাসলাইন স্থাপন করে বিভিন্ন বাড়িতে গ্যাসসংযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। উদ্যোক্তারা ওই অবৈধ গ্যাস পাইপলাইন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের দিকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা এবং নতুন এলাকার লোকজনকে গ্যাসসংযোগ গ্রাহক করার আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়েও কথাবার্তা শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে পূর্ব বিজয়সিংহ গ্রামের কয়েক ব্যক্তি জানান, উদ্যোক্তারা প্রতিটি রাইজার উত্তোলনের জন্য ৩৫০ জন লোকের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করেছেন। তাঁরা মাটি সামান্য খুঁড়ে নিম্নমানের পাইপ ও যন্ত্রাংশ ব্যবহার করে এটি স্থাপন করেন। এতে এলাকাবাসীর মনে সন্দেহ দেখা দেয়। তাঁরা বিষয়টি জানতে স্থানীয় বাখরাবাদ সিস্টেম বিতরণ কার্যালয়ে যোগাযোগ করেন।
বিষয়টি জানাজানি হলে গত ২৬ ডিসেম্বর বাখরাবাদ সিস্টেম বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক আজাহারুল আলম পাইপলাইন স্থাপন বিষয়ে ফেনী সদর মডেল থানায় জিডি করেন। এতে বলা হয়, শহরের রামপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাটি খনন করে দুই ইঞ্চি ব্যাসের এসএস গ্যাসপাইপ স্থাপন করছে। অবৈধভাবে গ্যাস পাইপলাইন নির্মাণ করা হলে তা হবে গ্যাস আইন ও গ্যাস বিপণন নীতিমালা পরিপন্থী। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।