ফেনীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা থেকে গত শনিবার রাতে অস্ত্র, মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে সোনাগাজীর চর চান্দিয়া গ্রাম থেকে পুলিশ সাদ্দাম হোসেন (২৮) ও ফারুক হোসেন (২৫) নামের দুই জলদস্যুকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি পাইপগান ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সোনাগাজী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একই রাতে দাগনভূঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে ফেনী-নোয়াখালী সড়কে একটি বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাঈন উদ্দিন মনির (২৫) ও পৃথক অভিযানে দাগনভূঞা বাজারের কামার গলি থেকে ১০টি ইয়াবা বড়িসহ মিঠু পালকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।