ফেনীতে র্যাবের অভিযানে ৭টি একনলা বন্দুক, ৫টি ওয়ান শুটারগান, ১০৪টি গুলি, বিভিন্ন ধরনের মাদকসহ যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে সদর উপজেলার উত্তর শর্শদি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। তাঁরা হলেন শর্শদি ইউনিয়ন পরিষদের সদস্য মোর্শেদ আলম, তাঁর ভাই গোলাম হোসেন ও শেখ বাহাদুর।
মোর্শেদ আলম সম্প্রতি শর্শদি ইউনিয়ন যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। গোলাম হোসেন শর্শদি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। শেখ বাহাদুর স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তিনজনের বাড়ি উত্তর শর্শদি গ্রামে।
র্যাব জানায়, সন্ত্রাসীদের ধরতে উত্তর শর্শদি গ্রামে র্যাবের একটি টহল দল যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেলেন র্যাব সদস্যরা। তাঁদের দেহ তল্লাশি করে তিনটি ওয়ান শুটারগান পাওয়া যায়। পরে মোর্শেদ ও গোলাম হোসেনের ঘর থেকে আরও ৭টি একনলা বন্দুক, ২টি ওয়ানশুটার গান, ১০৪টি গুলি, ৪টি গুলির খালি খোসা, ৮২ বোতল ফেনসিডিল, ২৭ বোতল বিদেশি মদ, ৯ ক্যান বিয়ার ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা করা হয়েছে।