ফেনীতে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী থেকে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম কামাল উদ্দিন (৩৫)। গত মঙ্গলবার উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট কালীবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।
গ্রেপ্তারের সময় কামালের কাছে বিদেশি পিস্তল ও চারটি গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল তাঁর বাড়িতে অস্ত্র রয়েছে বলে পুলিশকে জানান। পরে ওই রাতে তাঁর বাড়ি থেকে আটটি ককটেল, চারটি রামদা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহভাপতি জামাল উদ্দিন বলেন, কামাল চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কামাল উদ্দিন অস্ত্র নিয়ে নিয়ে কুঠিরহাট কালীবাড়ি এলাকার বৈশাখী মেলায় যান। সোনাগাজী থানার পুলিশ সেখান থেকে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, কামালের বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাঁকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।