ফেনীতে অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গত বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন মো. ইউছুফ (৪৫) ও মো. ইয়াকুব আলী (৪৭)।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, কিছু সন্ত্রাসী ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী বদরপুর গ্রামে জড়ো হয়েছে—এমন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। তবে অন্যরা পালিয়ে যায়। আটক দুজনের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি ও একটি গুলি উদ্ধার এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা বলেন, অস্ত্রসহ আটক দুজনকে ফুলগাজী থানায় সোপর্দ করা হয়েছে।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।