ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ যুবলীগের ২৬ নেতা-কর্মী আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার নিজাম হাজারীর অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ জন নেতা-কর্মীকে গতকাল সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
৬ জুন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় তিনটি গাড়ি তল্লাশি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অস্ত্রসহ ২৬ জনকে গ্রেপ্তার করেন। সোনাগাজীর চর সোনাপুর গ্রামে আজিজুল হক নামে একজন স্থানীয় যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ শেষে ফেনী ফেরার পথে তাঁরা সবাই গ্রেপ্তার হন। ওই প্রতিবাদ সমাবেশে হত্যাকাণ্ডের জন্য ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সাংসদ রহিম উল্যাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।
এ ঘটনায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার মো. ইব্রাহিম খলিল বাদী হয়ে অস্ত্র আইনে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন। আসামিদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিজ আহম্মদ জানান, গতকাল মামলার ধার্যকৃত দিনে ২৬ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে হাজির করা হয়। কিন্তু আসামিদের পক্ষে আদালতে কোনো জামিন আবেদন জানানো হয়নি। ফলে তাঁদের আবার একইভাবে কারাগারে নিয়ে যাওয়া হয়। ২৬ জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।