ফেনীতে অস্ত্রসহ মো. হানিফ (৩৭) নামের যুবদলের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর তাঁর পক্ষের লোকজন যুবলীগের দুই কর্মীকে গুলি করে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মো. হানিফের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রামে। তাঁর বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা আছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে পুলিশ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের এক্কার দোকান নামক স্থান থেকে হানিফকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হানিফকে যুবলীগের কর্মীরা ধরিয়ে দিয়েছেন—এ অভিযোগে তাঁর পক্ষের লোকজন একই এলাকার যুবলীগের কর্মী মঞ্জুরুল ইসলামকে (২৮) গুলি ও মারধর করে। এ ছাড়া যুবলীগের আরেক কর্মী মো. সেলিমকে (২৬) পিটিয়ে তাঁর একটি পা ভেঙে দেয়। আহত ব্যক্তিদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, হানিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।