ফেনীতে অস্ত্রসহ যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি বাজার এলাকা থেকে গত সোমবার রাতে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, খবর পেয়ে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহিম (৩২) ও নজরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে বিদেশে তৈরি একটি নাইন এমএম পিস্তল, তিনটি গুলি ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আবদুল রহিমের বাড়ি বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। নজরুল ইসলামের বাড়িও একই গ্রামে।
স্থানীয় লোকজন বলেন, গ্রেপ্তার দুজন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। গতকাল তাঁদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-অধিনায়ক জসিম উদ্দিন আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।