ফেনীতে অস্ত্রসহ যুবলীগের নেতা গ্রেপ্তার
ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের নেতা মো. মাঈন উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যা ব।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল জানান, মাঈন উদ্দিন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
মাঈন উদ্দিনের বাড়ি মধুয়্যাই গ্রামে।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গত শুক্রবার রাতে র্যা বের একটি দল সদর উপজেলার মধুয়্যাই গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি বাড়ি থেকে মাঈন উদ্দিনকে গ্রেপ্তার ও তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাঈন উদ্দিনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, র্যা ব ফেনী পৌরসভার বারাহিপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশি তৈরি এলজি ও দুটি গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।