ফেনীতে অস্ত্রের মুখে ১২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
ফেনীতে একটি চালকলের কর্মচারীর কাছ থেকে অস্ত্রের মুখে ১২ লাখ টাকা ছিনতাই করেছেন ছিনতাইকারীরা। সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার মোক্তার হোসেন (৬০) ফেনী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে ফিরোজ আলম (২৮) নামের একজনকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার এলাকার সোনালী অটোরাইস মিলের কর্মচারী মোক্তার হোসেন গত বৃহস্পতিবার বিকেলে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চালের বকেয়া টাকা সংগ্রহ করতে ফেনী আসেন। তিনি মহিপালসহ বিভিন্ন বাজারের চালের আড়ত থেকে টাকা সংগ্রহ করেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে পাঁচগাছিয়া বাজারে গেলে ছয় থেকে সাতজন জন অস্ত্রধারী যুবক তাঁকে ঘেরাও করে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেন।
এ ঘটনায় মোক্তার হোসেন নিজে বাদী হয়ে গতকাল শুক্রবার ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ফিরোজ আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে।