ফেনীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুরকে (৬৪) পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকালে নবাবপুর বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।
আবদুল গফুর জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ইউপি কার্যালয়ে যাওয়ার পথে ৪-৫ জন যুবক তাঁর গতিরোধ করেন। তাঁরা তাঁকে ইউপি কার্যালয়ে যেতে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল আলমের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। তিনি বিষয়টি সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হককে জানিয়েছেন। তিনি বলেন, পুলিশকেও হামলার বিষয়টি জানানো হবে।
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম বলেন, ইউপি সদস্যকে মারধর করা অন্যায় হয়েছে।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আবদুল গফুরের সঙ্গে তর্কবিতর্কের কথা তিনি শুনেছেন। তবে মারধর করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।