ফেনীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ফেনীতে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কৃষ্ণমজুমদার হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ফরহাদনগর ইউনিয়নের কে এম হাট আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ফরহাদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফোরকান চৌধুরী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফোরকান চৌধুরী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মোশারফ হোসেন ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোশারফ হোসেন অভিযোগ করেন, গতকাল দুপুরে ফোরকান চৌধুরীর নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা কে এম হাট বাজারে মহড়া দেয়। সন্ত্রাসীরা স্থানীয় যুবলীগ নেতা ছানা উল্যাহ, মো. সবুজ, মো. সজিব ও সুমনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। খবর শুনে তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। ছানা উল্যাহ ও মো. সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ফোরকান চৌধুরী বলেন, আগামী ৫ এপ্রিল কে এম হাট আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। কিন্তু মোশারফ হোসেনের লোকজন অন্য কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন। গতকাল ওই বিদ্যালয়ে তিনি গিয়েছিলেন। তাঁর সঙ্গে এলাকার অনেকেই গেছেন এবং মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এতে মোশারফের লোকজনের ক্ষুব্ধ হন। তাঁরা দুপুরে ছায়েদুল হক, নুরুল আফসারসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। এ ছাড়া স্থানীয় বাজারে শাহ আলম নামের একজন ফল ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর চালান।
এ বিষয়ে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাত নয়টা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো পক্ষ মামলা করেনি।