ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্রসহ আমজাদ হোসেন ওরফে সুমন (৩৪) নামের পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার আমজাদ শহরে যুবদলের নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ফেনী শহরের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র ইসলামপুর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে আমজাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাসা থেকে একটি রাইফেল, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, ১০২টি গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডিবির ফেনীর পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার আমজাদ অবৈধ অস্ত্রের ব্যবসায়ী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা আছে। এ ঘটনায় আমজাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, আমজাদকে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
গ্রেপ্তার আমজাদের পৈতৃক বাসভবন শহরের একাডেমি এলাকায়। কিন্তু তিনি ইসলামপুর রোডে বাসাভাড়া নিয়ে থাকেন।
ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, গত প্রায় এক দশক ফেনী শহর যুবদলের কোনো কমিটি নেই। গ্রেপ্তার আমজাদ যুবদলের নেতা নন। তাঁকে যুবদলের কর্মী বলা যেতে পারে।
পেকুয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১: চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকা থেকে গত শুক্রবার রাতে পাঁচটি অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৭-এর চট্টগ্রামের পতেঙ্গা ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. নুরুস শফির (৩৫) বাড়ি পেকুয়া উপজেলার রাজাখালী চঁড়িপাড়ায়।
এ ঘটনায় র্যাবের পতেঙ্গা ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর গতকাল পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা ও নুরুস শফিকে থানায় হস্তান্তর করেন।
এসআই আলমগীর বলেন, নুরুস শফির কাছ থেকে দেশে তৈরি পাঁচটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া জানান, নুরুস শফিকে আজ রোববার চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।