ফেনীতে চিংড়ির মধ্যে জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে প্রতারণার অভিযোগে আটজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সূত্র জানায়, ফেনী শহরের ট্রাংক রোডের পৌর মাছের আড়ত (মুক্তবাজার) এবং মহিপাল এলাকার কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির মাথায় জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছেন বলে তাদের কাছে অভিযোগ আসে। অভিযোগ পাওয়ার পর র্যাব সদস্যরা গত বুধবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মাছের আড়ত থেকে ১ হাজার ২০০ কেজি জেলি ঢোকানো চিংড়ি জব্দ করেন। এ সময় ছয়টি আড়ত থেকে আট ব্যবসায়ী ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। দুটি আড়তের মালিক ও কর্মচারী পালিয়ে যান। জব্দ করা চিংড়ির আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
সূত্র জানায়, বুধবার রাতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. জানে আলম গ্রেপ্তার আটজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নুর ইসলাম, মো. ইমরান, কেশব চন্দ্র দাস, মো. ইসমাইল, মো. মানিক মিয়া, মো. আরিফ, শংকর পোদ্দার ও বিষ্ণু রাজবংশী।
র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।