ফেনীতে আবারও অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ
ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলায় গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত প্রায় তিন হাজার ফুট গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় একটি ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল সকালে ফেনীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. জানে আলমের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুন্দরপুর ও মধ্যম কাছাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে স্থাপন করা ১ হাজার ৬০ ফুট গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। এ ছাড়া কয়েকটি রাইজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল কাশেম ও উপব্যবস্থাপক মো. আবু সাঈদ সরকার উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, এরপর মো. জানে আলমের নেতৃত্বে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৮২০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। সেখান থেকে গ্যাস পাইপলাইন স্থাপনের কাজে ব্যবহৃত একটি ওয়েল্ডিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এনডিসি মো. জানে আলম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আবু সাঈদ সরকার জানান, পর্যায়ক্রমে সব অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হবে।
১৪ আগস্ট দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়।