ফেনীতে ইউপি সদস্যের নেতৃত্বে আরেক সদস্যের ওপর হামলা!
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য ও তাঁর ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। একই ইউপির আরেকজন সদস্যের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তিরা হলেন ধলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহিম ওরফে লিটন (৩৫) ও তাঁর ভাই আবদুল কাইয়ুম (৩০)।
এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ ইমরান (৩০) ও আজাহারুল ইসলাম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ধলিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুর নবীর সঙ্গে বেশ কিছুদিন থেকে আরেক ইউপি সদস্য আবদুর রহিমের বিরোধ চলে আসছে। গত বুধবার রাত আটটার দিকে স্থানীয় রাজারহাট বাজারের পাশে নুর নবীসহ কয়েকজন ব্যক্তি ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে মারধর করছিলেন। এ সময় আবদুর রহিমের ভাই কাইয়ুম ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেন। এতে নুর নবী ক্ষিপ্ত হন। পরে ওই রাতে নুর নবীর নেতৃত্বে বেশ কয়েকজন ব্যক্তি আবদুর রহিম ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, এ ঘটনায় ইউপি সদস্য আবদুর রহিম ১৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। তিনি জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।