ফেনীতে ইয়াবা বড়ি ও গাঁজাসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২৪ হাজার ইয়াবা বড়ি ও গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌর এলাকায় র‍্যাবের অভিযানে ও রাতে সোনাগাজীতে পুলিশের অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পৌর এলাকার রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে একটি কার থেকে ২৪ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন বলেন, কারটিকে থামতে সংকেত দেওয়া হলেও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি থামানো হয়।

অপরদিকে গতকাল রাত নয়টার দিকে সোনাগাজী পৌরসভা কার্যালয়ের পাশে থেকে ৫৬টি ইয়াবা বড়ি ও ৩০০ গ্রাম গাঁজাসহ হেলাল, জাহিদুল ও আলাউদ্দিন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। সোনাগাজী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।