ফেনীতে এক রাতে ২ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে গত রোববার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা গ্রামের আবুল হাসেমের বাড়িতে গত রোববার রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আবুল হাসেমের দাবি, ডাকাতেরা প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
এদিকে একই রাতে একই ইউনিয়নের উত্তর কাশিমপুরে আশুতোষ দাসের বাড়িতে ডাকাত দল হানা দেয়। গৃহকর্তা আশুতোষ দাসের দাবি, ডাকাতেরা তাঁর ঘর থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দুটি বাড়িতে ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জমান বলেন, ‘দুটি ঘটনা ঘটলেও সেগুলো বড় কিছু নয়। এসব ঘটনায় মামলা করতে বলা হলেও পরিবারগুলো মামলা করেনি।’