ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলার চার বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রোববার গভীর রাতে ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া গ্রামের মীর হোসেন সওদাগর বাড়ি, ছানু মিয়ার বাড়ি ও দাইয়া কাজী বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা পরপর তিনটি বাড়িতে লুটপাট চালায়।
সূত্র জানায়, ডাকাতিতে বাধা দিলে ডাকাতেরা ছানু মিয়ার বাড়ির ছানু মিয়া (৬০), শরীফা খাতুন (৫৫) ও বকুল আক্তারকে (১৮) কুপিয়ে আহত করে। পরে ডাকাতেরা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুটে নিয়ে যায়। ডাকাতেরা দাইয়া কাজী বাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে। এ সময় ডাকাতেরা আবদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করে।
সূত্র জানায়, বাধা দিলে ডাকাতেরা মীর হোসেন সওদাগর বাড়ির রবিউল হক (৪২), মো. ইয়াছিন (৩৫), ওসমান গনি (২৮), নুরজাহান বেগম (৬০) ও স্কুলছাত্রী ফারজানা আক্তারকে (১৪) কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ডাকাতেরা এক ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন লুট করে নিয়ে যায়।
আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত আবদুর রহমান ও মো. ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত রবিউল হকের দাবি, ডাকাতেরা তিনটি বাড়ি থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
একই রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের একটি ঘরে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়।
গৃহকর্তা হাফেজ আহম্মদের দাবি, ডাকাতেরা ১৭ ভরি স্বর্ণালংকার ও ২২ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।