ফেনীতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একজন এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শহীদুল ইসলাম চৌধুরী ওরফে যোবায়ের ফেনীর বেসরকারি জেলা স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ছিল যোবায়েরের পরীক্ষার শেষ দিন। পরীক্ষা শেষে সে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার বাসায় যায়। বিকেলে একই এলাকায় বন্ধুর বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় যোবায়ের। বাসা থেকে কিছুদূর যাওয়ার পর ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা যোবায়েরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন যোবায়েরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।
যোবায়ের সাংবাদিকদের জানায়, যারা তাকে কুপিয়েছে তারাও শহরের অন্য একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এক বন্ধুর সঙ্গে বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে।
ফেনী সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন।