ফেনীতে ককটেল বিস্ফোরণে ম্যাজিষ্ট্রেট আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাদীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের চতুর্থ দিনে ফেনীতে দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে আবদুল কাদের (৩৫) নামে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটেছে। এ সময় তিনি বিরোধী দলের ডাকা অবরোধে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থেকে একটি মাইক্রোবাসে করে শহরের ট্রাংক রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল যাচ্ছিলেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ককটেল বিস্ফোরণে আহত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাদের মিয়াকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ও পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর দুই চোখ ও মুখে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
খবর পেয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শফিউল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হকসহ কর্মকর্তারা আবদুল কাদের মিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান।
ফেনী সদর হাসপাতালের চক্ষু চিকিৎসক আনোয়ার হোসেন জানান, আবদুল কাদের মিয়ার দু্ই চোখের কর্ণিয়ায় ভেতর ​িস্প্লন্টার রয়েছে। সুস্থ হতে কিছু সময় লাগবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেনীর রামপুর নাসির মেমোরিয়াল কলেজের পাশে অবরোধ সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে দুটি কাভার্ডভ্যান এবং দুটি মাইক্রেবাস ভাঙচুর করে। এছাড়া বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ভাঙ্গার তাকিয়া নামক স্থানে দুর্বৃত্তরা একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। আজ সকালে ফেনী-পরশুরাম সড়কের বন্দুয়া পুল এলাকায় তিনটি অটোরিক্সা, ট্রাংক রোডের সেন্ট্রাল হাইস্কুলের সামনে দুটি অটোরিক্সা ভাঙচুর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ টহল অব্যাহত রয়েছে। চোরাগোপ্তা হামলায় এসব হচ্ছে।