ফেনীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ফেনীর পরশুরামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবুল কাশেমের (৬০) বাড়ি পরশুরাম পৌরসভার কোলাপাড়ার ডাকবাংলো চৌমুড়ি এলাকায়। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর বাবা ভাঙারি (স্ক্র্যাপ) ব্যবসায়ী। তিনি পরিবারসহ পরশুরামের ভাড়া বাসায় থাকেন। তাঁর বাসার পাশে আবুল কাশেমের মুদি দোকান। কিশোরী কেনাকাটার জন্য মাঝেমধ্যে ওই দোকানে যেত। চার-পাঁচ মাস আগে আবুল কাশেম ওই কিশোরীকে নানা প্রলোভন দিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এরপর তিনি মাঝেমধ্যে ওই কিশোরীকে ধর্ষণ করতেন। এরই মধ্যে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত রোববার দুপুরেও কাশেম ওই কিশোরীকে দোকানের পেছনে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে ওই কিশোরীকে রক্ষা করেন। এরপর সন্ধ্যায় ওই কিশোরীকে ফেনী সদর হাসপাতালের ভর্তি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেনী সদর হাসপাতালের একজন চিকিৎসক বলেন, প্রাথমিক পরীক্ষায় ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার আলামত পাওয়া গেছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর মুদি দোকানি আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।