ফেনীতে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার
ফেনীতে নিখোঁজের পাঁচ দিন পর পেয়ার আহম্মদ ওরফে পিয়াস (১৬) নামের এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারকঘোনা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পেয়ার আহম্মদ সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর বটতলা এলাকার মনির আহম্মদের ছেলে।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, কাটা মোবারকঘোনার কৃষ্ণ মজুমদারহাট বাজারের সাহাবুদ্দিন কুলিং কর্নার নামের একটি দোকানে চাকরি করত পেয়ার। দুই মাস আগে সে চাকরি ছেড়ে দিয়ে অন্য একটি চাকরি নেয়।
সূত্র জানায়, ৭ মে সন্ধ্যায় নানাবাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় পেয়ার আহম্মদ। গতকাল জানাজানি হয়, সাহাবুদ্দিনের বাড়ির পেছনে পেয়ারের বস্তাবন্দী লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে ফেনী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, পেয়ার আহম্মদকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
পেয়ারের লাশ উদ্ধারের পর থেকে সাহাবুদ্দিন পলাতক। এ ঘটনায় সাহাবুদ্দিনকে আসামি করে মামলা করেছেন পেয়ার আহম্মদের মা হাসিনা আক্তার।