ফেনীতে গুলিতে নিহত ১, কেন্দ্র স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় একটি ভোটকেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম নূর হোসেন।

সকাল ১০টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের চরভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বেলা পৌনে একটার দিকে ​​এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

হামলায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, দুজন পোলিং কর্মকর্তা ও তিনজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নূর আলম নামের একজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, সকাল ১০টার দিকে একদল সন্ত্রাসী ভোটকেন্দ্রের চারদিক থেকে এক সঙ্গে গুলি, ককটেল, দা, কিরিচ নিয়ে হামলা করে। এ সময় কেন্দ্রর সামনে গুলিবিদ্ধ হয়ে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

প্রিসাইডিং কর্মকর্তা জয়নুল আবদীন বলেন, সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে ব্যালটভর্তি দুটি বাক্স ও বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে। হামলার সময় বিভিন্ন কক্ষে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা তাঁর কক্ষে এসে আত্মরক্ষার্থে টেবিলের নিচে আশ্রয় নেন।

দুপুর ১২টার দিকে নূর হোসেনের বাবা আবদুল করিম কেন্দ্রে এসে ছেলের লাশ শনাক্ত ​করেন। তাঁদের বাড়ি দক্ষিণ চারচান্দিয়া ইউনিয়নে। নূর একজন ট্রাক্টরচালক ছিলেন।

এই কেন্দ্রের ভোটার না হওয়ার পরও ছেলে কেন এখানে এসেছিল জানতে চাইলে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না কি না, তাও তিনি জানেন না।

ঘটনার পরপরই ফেনীর জেলা প্রশাসক আমিরুল আহসান ও পুলিশ সুপার রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভোটকেন্দ্রের সামনে থেকে ১৯টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।