ফেনী শহরের মহিপাল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে গুলিতে দুজন নিহত হয়েছেন। এ সময় গুলিতে আরও চারজন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন মাঈন উদ্দিন (৬০) ও আকলিমা আক্তার (১৫)। আকলিমা স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মহিপালের কিছু জমি নিয়ে মো. হানিফ, নাসির উদ্দিন ও মাঈন উদ্দিনের সঙ্গে আবদুল মান্নান, শাহেদ চৌধুরী ও স্বপন চৌধুরীর বিরোধ চলে আসছে।
মো. হানিফ ও নাসির উদ্দিনের ভাষ্যমতে, গতকাল রাত আটটার দিকে আবদুল মান্নান, শাহেদ চৌধুরী ও স্বপন চৌধুরীর নেতৃত্বে শতাধিক সশস্ত্র যুবক মাঈন উদ্দিনের বাড়ি দখল করতে হামলা চালান। তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁরা মাঈন উদ্দিনের বসতঘরসহ কয়েকটি ঘর ও একটি দোকান ভাঙচুর করেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে মাঈন উদ্দিন, আকলিমা আক্তার, সাইফুল ইসলাম (৩০), মারফি (৫), ভানু বেগম (২৫) ও মো. বাবুল (২৫) আহত হন। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাঈন উদ্দিন ও আকলিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফুল ও মারফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও আবদুল মান্নান, শাহেদ চৌধুরী ও স্বপন চৌধুরীকে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গুলিতে দুজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।