ফেনীতে গুলিতে যুবলীগ কর্মী নিহত
ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি ও সহদেবপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে আবুল কাশেম ওরফে ডালিম (২৭) নামের যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন থেকে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলমের সঙ্গে বিরিঞ্চি এলাকার যুবলীগের কর্মী স্বপনের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষ এলাকায় শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বহিরাগত যুকককে জড়ো করে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে সহদেবপুর এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে কোহিনুর আলমের সমর্থক যুবলীগের কর্মী আবুল কাশেম পেছন থেকে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবুল কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় তিনি সেখানে মারা যান।
আবুল কাশেমের বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদনগর গ্রামে।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলম বলেন, গত কিছুদিন ধরে কিছু যুবক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করেন। তিনিসহ এলাকার লোকজন মাদক বিক্রিতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা ক্ষিপ্ত হন। গতকাল তাঁদের গুলিতে আবুল কাশেম আহত হন। সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।
কোহিনুর আলম জানান, যুবলীগের কর্মী আবুল কাশেম পেশায় রাজমিস্ত্রি।
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও যুবলীগের কর্মী স্বপনকে পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, শহরের সহদেবপুর এলাকায় গুলিবিদ্ধ যুবক ঢাকায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।