ফেনীতে গুলিতে যুবলীগের নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ভালুকিয়া গ্রামে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আনোয়ার হোসেন (৩২) নামের যুবলীগের এক নেতা আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুর গ্রামে দলীয় সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আনোয়ার। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কিছুদিন যুবলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেনচন্দ্র শীল জানান, দুর্বৃত্তদের গুলিতে আহত আনোয়ার হোসেন মোটবী ইউনিয়ন যুবলীগের সদস্য।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল শনিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।