ফেনীতে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় গুলিবিদ্ধ শিশু মো. মারুফ (৫) গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে গুলিতে এক মাদ্রাসাছাত্রীসহ দুজন নিহত হয়।
শিশু মো. মারুফের বাবা মো. সুমন ফেনী শহরের মহিপাল এলাকার একটি দোকানের কর্মচারী। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খাটরা গ্রামে। তিনি পরিবার নিয়ে ফেনীতে বাসা ভাড়া করে থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ফেনী শহরের মহিপাল এলাকায় ৬২ শতক জমি নিয়ে মাঈন উদ্দিনের পক্ষের সঙ্গে আবদুল মান্নান পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি শাহেদ চৌধুরী ও তাঁর ভাইয়েরা বিরোধপূর্ণ ওই জমির কিছু অংশ কেনার জন্য আবদুল মান্নানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর থেকে শাহেদ চৌধুরী ও তাঁর ভাইয়েরা বিরোধপূর্ণ ওই জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার কিছুসংখ্যক বহিরাগত যুবক অস্ত্রশস্ত্র নিয়ে মাঈন উদ্দিনের বাড়িতে ও দোকানে হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীদের গুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিতে নিহত মাঈন উদ্দিনের বড় ছেলে মোমিনুল হক মামলা করেন। মামলায় শাহেদ চৌধুরী, ফারুক চৌধুরী, স্বপন চৌধুরী ও আবদুল মান্নানসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫ জনকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান শিশু মারুফের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই দিনে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।