ফেনীতে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মীর মৃত্যু
ফেনী শহরের সহদেবপুর এলাকায় আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন যুবলীগের এক কর্মী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন।
নিহত ব্যক্তির নাম আবুল কাশেম ডালিম (২৭)। তিনি ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (বিরিঞ্চি ও সহদেবপুর এলাকা) যুবলীগের কর্মী। ডালিম ফেনী সদর উপজেলার ফরহাদ নগর গ্রামের আবুল বাশারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলমের সঙ্গে বিরিঞ্চি এলাকার যুবলীগের কর্মী স্বপনের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে ৩ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায়ও দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নিজেদের শক্তি বাড়ানোর জন্য দুপক্ষই স্থানীয় লোকজন ছাড়াও বহিরাগত যুবকদের জড়ো করে।
আজ দুপুরে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পেছন দিক থেকে গুলিবিদ্ধ হন কোহিনুরের সমর্থক ডালিম। তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ডালিম মারা যান।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলমের ভাষ্য, গত কিছুদিন থেকে ‘সন্ত্রাসী ধরনের’ কয়েকজন যুবক এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। তিনিসহ এলাকার লোকজন মাদক বিক্রিতে বাধা দেওয়ার চেষ্টা করলে মাদকবিক্রেতারা ক্ষিপ্ত হয়। আজ তাদের গুলিতে একজন আহত হয়েছেন। তিনি যুবলীগের কর্মী হলেও পেশায় রাজমিস্ত্রি। সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।
যুবলীগের কর্মী স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, শহরের সহদেবপুর এলাকায় গুলিবিদ্ধ যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তিনি শুনেছেন। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।