ফেনীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে গতকাল শনিবার রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়ার একটি বাসার ভাড়াটে নুরুল ইসলাম ওরফে রানা ও তাঁর স্ত্রী সোহানা আক্তার ওরফে প্রিয়া তাঁদের বাসার গৃহকর্মী শারমিনকে (১০) প্রায়ই নির্যাতন করতেন। গতকাল তার গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ফেনী সদর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহানা আক্তারকে আটক করেছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন এবং ঝলসানোর আলামত দেখা গেছে। বিষয়টি জানার জন্য সোহানাকে আটক করা হয়েছে।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে সোহানা আক্তার বলেন, বাসার একটি তালা ভাঙায় তাঁর স্বামী ওই গৃহকর্মীকে সামান্য চড়-থাপড় দিয়েছেন মাত্র। চাঁদা না দেওয়ায় এলাকার সন্ত্রাসীরা তাঁকে পুলিশে দিয়েছে।